প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১১:৪১ AM

সংগৃহীত ছবি
উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি দেশের ছয়টি অঞ্চলে অস্থায়ী ঝড়ের সম্ভাবনা থাকায় নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) পৃথক দুই বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, উড়িষ্যার উপকূলের কাছে অবস্থানরত এই লঘুচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারের জন্য সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আরেকটি সতর্কবার্তায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।