প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৬:২৩ পিএম আপডেট: ২৭.০৮.২০২৫ ৭:৩২ PM

তিতাসে মাদকাসক্ত ছেলের অত্যাচারে বাবার আত্মহত্যার চেষ্টা, ছেলে কারাগারে
কুমিল্লার তিতাসে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মো. মোসলেম উদ্দিন নামে এক হতদরিদ্র বাবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামের মোসলেম উদ্দিন তার ছেলে মাইনুদ্দিনের মাদকাসক্তি ও প্রতিনিয়ত নির্যাতনে অতিষ্ঠ হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে তিতাস থানার এসআই আবুল বাশারসহ পুলিশ একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে হাতে দড়িসহ উদ্ধার করেন। এ সময় মাদকাসক্ত ছেলে মাইনুদ্দিনকে আটক করে থানা নিয়ে আসে।
এর আগে, গত ১৭ আগষ্ট মোসলেম উদ্দিন তার ছেলের অত্যাচার থেকে বাঁচতে এবং ছেলেকে মাদক থেকে ফেরাতে এলাকাবাসীর সহযোগী চাইলে, সহযোগিতা না পেয়ে পুলিশের দারস্ত হোন। পরে পুলিশ মাদকাসক্ত ছেলে মাইনুদ্দিনসহ তার বাবা-মাকে থানায় নিয়ে দীর্ঘ সময় কাউন্সেলিংয়ের পর মাইনুদ্দিন মাদক ছেড়ে ভালো পথে ফেরার অঙ্গীকার করে। পুলিশ তাকে থানায় থাকা ও খাওয়ার ব্যবস্থা করলে মাদকাসক্ত মাইনুদ্দিন ফজরের নামাজের কথা বলে ভোরে পালিয়ে যায়। বাড়ি ফিরে সে আবারও বাবা-মায়ের ওপর নির্যাতন শুরু করে।
পরে ভুক্তভোগী বাবার সঙ্গে পুলিশের নিয়মিত যোগাযোগের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে মাদকাসক্ত মাইনুদ্দিনকে আটক করা হয়।
ভুক্তভোগী বাবা মোসলেম উদ্দিন বলেন, মাইনুদ্দিন আমার একমাত্র ছেলে, সে একসময় খুব ভালো ছিলো এবং সিএনজি, অটো, ও রং এর কাজ করতো। কিন্তু হঠাৎ সে মাদকাসক্ত হয়ে পরে। মাদকের টাকার জন্য তাকে ও পরিবারের সদস্যদের ওপর নির্যাতনসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। পরে তার অত্যাচার অতিষ্ঠ হয়ে পুলিশের হাতে তুলে দেই। আমার এই ছেলের হাতে যারা মাদক তুলে দিয়েছে, তারা আমার পরিবারটাকে ধ্বংস করেছে এবং তারাই আসল অপরাধী।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ উল্ল্যাহ বলেন, মাদকাসক্ত মাইনুদ্দিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা-মা থানায় এসে অভিযোগ করলে পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে আটক করে।
আজ বুধবার (২৭ আগষ্ট) দুপুরে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।