প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১:১৭ পিএম

দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় ধরে আন্দোলনের পরও বিএসসি ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবি আদায় হয়নি। সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় সারা দেশের প্রকৌশলীদের নিয়ে ‘লং মার্চ টু ঢাকা’ ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে যোগ দিতে কুয়েট শিক্ষার্থীরা বাসে করে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছেন।
বুধবার সকালে তিনটা বাসে করে দেড় শতাধিক শিক্ষার্থী আন্দোলনে যোগ দিতে ক্যাম্পাস ত্যাগ করেছেন। এছাড়াও কর্মসূচিতে সারাদেশ থেকে একযোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিতে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছেন বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টায় এ ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি এম ওয়ালীউল্লাহ।
প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু বলেন, ‘বুধবার সকাল ১০টা থেকে শাহবাগে জমায়েত শুরু হবে। এদিন সারা দেশের সব প্রকৌশল ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।’
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনও পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।
২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।
৩. ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন-অ্যাক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম