প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১:২০ পিএম আপডেট: ২৭.০৮.২০২৫ ২:১৮ PM

সংগৃহীত ছবি
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবি আদায়ের জন্য বুধবার (২৭ আগস্ট) বেলা সোয়া ১১টায় শুরু হওয়া এই কর্মসূচির কারণে শাহবাগমুখী চারটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরের পর প্রায় ৫ ঘণ্টা শাহবাগ অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। রাতের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি শেষে তারা শাহবাগ ছাড়লেও পরের দিনের কর্মসূচি ঘোষণা করেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু।
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাইয়াজ জানান, চুয়েট, কুয়েট, রুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লংমার্চ করে শাহবাগ মোড় অবরোধ করবেন। এরপর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রাস্তায় পদযাত্রা করবেন তারা।
শিক্ষার্থীদের মূল দাবিগুলো হলো:
ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে; কোটার মাধ্যমে পদোন্নতি দেওয়া যাবে না।
টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীর উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।
বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে এবং নন-এক্রিডিটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে IEB-BAETE অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।
শাহবাগ অবরোধের কারণে যানজট ও সড়ক পারাপারে সমস্যা সৃষ্টি হলেও শিক্ষার্থীরা তাদের দাবিতে দৃঢ় থাকছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর