প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৬:০৩ পিএম

সংগৃহীত ছবি
খুলনার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা এক পুরুষের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ৩টা ২০ মিনিটে লাশটি উদ্ধার করা হয়। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা জানান, দুপুর সোয়া ২টার দিকে নদীতে একটি ভরা বস্তা ভাসতে দেখে সন্দেহ হয়। এসময় সানজিদা নামের এক নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে বিষয়টি জানান। পরে বটিয়াঘাটা থানা পুলিশ নৌ–পুলিশকে খবর দেয়।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা খায়রুল বাশার বলেন, “১০ গেট সংলগ্ন তেতুলতলা এলাকায় বস্তাবন্দি লাশ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। যেহেতু লাশটি নদীতে পাওয়া গেছে, তাই বিষয়টি নৌ–পুলিশ দেখছে।”
রূপসা নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, “দুপুর ৩টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে বস্তা থেকে একজন পুরুষের লাশ উদ্ধার করি। লাশটি ফুলে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ টিমকে ডাকা হয়েছে।”
তিনি আরো বলেন, “লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।”