প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৫:২৩ পিএম

নোয়াখালীর চাটখিলে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলার আসামি, চাটখিল থানা অগ্নিকাণ্ড মামলার আসামি এবং ইয়াবা কারবারিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) রাতে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন—বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার মামলার আসামি ও চাটখিল পৌরসভা যুবলীগের সহ-সভাপতি খালেদ পাটোয়ারী (৩৯), শংকরপুর গ্রামের ইমাম হোসেন ওরফে ইমন (২৩), যিনি থানা অগ্নিকাণ্ড মামলার আসামি, এবং ইয়াবা ব্যবসায়ী দশানি টবগা গ্রামের জিদনি জিহাদ পিয়াস (২২)। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, চাটখিল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ