প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৪:৪৩ পিএম

পিরোজপুর জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া শাখার উদ্যোগে হারিয়ে যাওয়া ২০টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। জেলা পুলিশের আইসিটি শাখা বিভিন্ন থানায় করা হারানো মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে এসব ফোন উদ্ধার করে।
উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে সদর থানা ৩টি, ইন্দুরকানী ৫টি, মঠবাড়ীয়া ৩টি, নাজিরপুর ৬টি ও ভান্ডারিয়া থানার ৩টি। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পাঁচটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিজ নিজ হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। পুলিশ জানিয়েছে, জনগণের নিরাপত্তা ও সেবায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ