প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৩:১৪ AM

সংগৃহীত ছবি
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হামলা ও রোকনের ওপর প্রাণনাশের হুমকির প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা মধ্যরাতে শাহবাগে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে।
গতকাল সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে শিক্ষার্থীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্নায় ভেসে যাবে অন্যায়’সহ বিভিন্ন স্লোগান দেন। যমুনার পথে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেডে শিক্ষার্থীরা পরিবাগ মোড়ে অবস্থান নেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, রোকনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির জন্য দায়ীদের বিরুদ্ধে ১২ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এছাড়া প্রকৌশল খাতে তিন দফা সংস্কারের জন্য একটি কমিশন গঠন করার বিষয়েও তারা ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। যদি এই দুই দাবি পূরণ না হয়, তবে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে, শিক্ষার্থীরা ন্যূনতম বিএসসি ডিগ্রি না থাকলে নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে নিয়োগ না দেয়াসহ তিন দফা দাবিতে ২৪-২৬ আগস্ট পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন।