
বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করলো নোবিপ্রবি
উৎসবমুখর পরিবেশে ও নানা আয়োজনে স্নাতক প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।
গতকাল সোমবার (২৫ আগস্ট) দুই ধাপে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. শিবলু রাহমান। সঞ্চালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী শেখ মোহাম্মদ ইউসুফ ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হুমায়রা জান্নাত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মোরাদ)। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল ফারুক।
সকালে ‘এ’ ইউনিট (বিজ্ঞান বিভাগ) এবং বিকেলে ‘বি’ ও ‘সি’ ইউনিটের (মানবিক ও ব্যবসা বিভাগ) নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন ও কার্যক্রম তুলে ধরা হয় ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে। শিক্ষার্থীদের হয়রানি রোধে প্রক্টরিয়াল নীতিমালা সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ইসমাইল বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের নয়, বরং জ্ঞান সৃষ্টির জায়গা। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। দেশের শিক্ষিত বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে কারিগরি জ্ঞানেও দক্ষ হতে হবে।”
উপ-উপাচার্য অধ্যাপক রেজওয়ানুল হক নবীনদের উদ্দেশ্যে বলেন, “এখানে শিক্ষকরাই তোমাদের গার্ডিয়ান। তাই পড়াশোনায় মনোযোগী হতে হবে। পাশাপাশি স্পোকেন ইংরেজি, কমিউনিকেশন স্কিল ও প্রেজেন্টেশন স্কিলে দক্ষ হতে হবে।”
কোষাধ্যক্ষ অধ্যাপক হানিফ মোরাদ বলেন, “আজকের যাত্রায় এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে কোন পথে হাঁটবে। ভুল পথে পা বাড়ালে তার খেসারত তোমাকেই দিতে হবে।”
অতিথি আব্দুল্লাহ-আল ফারুক নবীনদের স্বপ্ন দেখার পরামর্শ দিয়ে বলেন, “স্বপ্ন সেটা, যা আমাদের ঘুমাতে দেয় না। তবে স্বপ্ন দেখতে হবে বাস্তবতার মধ্যে।”
অনুষ্ঠানের শেষে সভাপতিত্বকারী ড. মো. শিবলু রাহমান নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।