প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৮:৩২ পিএম আপডেট: ২৫.০৮.২০২৫ ৮:৩৬ PM

মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া এলাকা সংলগ্ন মেঘনা নদীতে পুলিশ ও জলদস্যুদলের মধ্যে তুমুল গুলি বিনিময় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে গজারিয়া ও মতলব উত্তরের মধ্যবর্তী নদীতে এ ঘটনা ঘটে।
গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ জানান, পুলিশ খবর পায় নৌ ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সদস্যরা ৫-৬টি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে নদীতে মহড়া দেয়ার পাশাপাশি চাঁদাবাজি করছে। পুলিশের অভিযান শুরু হলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানায়, অভিযানের সময় জলদস্যুদল প্রথমে ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ চায়না রাইফেল, শর্টগান ও পিস্তল ব্যবহার করে প্রতিরোধের চেষ্টা করে। জলদস্যুদল ৬০-৭০ রাউন্ড গুলি ছুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না পেরে বিকাল ৬টার দিকে দস্যুদল ট্রলারসহ মতলবের দিকে পালিয়ে যায়। কোনো পুলিশ সদস্য আহত হয়নি, তবে জলদস্যুর কোনো সদস্যের আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
অভিযানে অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তা জানান, পিয়াসের নেতৃত্বে অন্তত ৩০-৩৫ জন জলদস্যু ট্রলার থেকে পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায় এবং আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ পাল্টা গুলি চালিয়ে দস্যুদলকে বাধা দেয়।
গুয়াগাছিয়ার প্রত্যন্ত এলাকাগুলোতে নৌ ডাকাতদের অবৈধ কার্যক্রম যেমন বালুমহাল পরিচালনা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার চলমান। কয়েক মাসের মধ্যে নৌ ডাকাত নয়ন-পিয়াস ও লালু বাহিনীর হাতে ডাকাত সর্দার বাবলা, স্যুটার মান্নান ও হৃদয় বাঘ নিহত হয়েছেন। ২২ আগস্ট ২০২৫ থেকে নদীর তীরে অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়, যা প্রথম থেকেই নৌ ডাকাত গ্রুপগুলো দ্বারা বিরোধের মুখে পড়ে।
স্বদেশ প্রতিদিন/এনআর