প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৪:৫৫ পিএম আপডেট: ২৫.০৮.২০২৫ ৫:০৭ PM

সংগৃহীত ছবি
বাগেরহাটের মোংলাবন্দরের পশুর নদীতে পড়ে নিখোঁজ হওয়া বাল্কহেড জাহাজের ক্রু রমজান হোসেন রাব্বির মরদেহ উদ্ধার করেছে নৌ বাহিনীর ডুবুরি দল।
গতকাল রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় মোংলা উপজেলার পশুর নদীর কাইনমারি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সিপিও জাহিদুর রহমানের নেতৃত্বে নৌবাহিনীর ৭ সদস্যের একটি ডুবুরি দল দীর্ঘ চেষ্টা চালিয়ে নদী থেকেই রব্বির মরদেহ উদ্ধার করে।
নিখোঁজ হওয়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার পর উদ্ধার অভিযান করে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও মোংলা বন্দরের ড্রোন অপারেটর টিম।
জানা যায়, মোংলা বন্দরের ৫ নং জেটি সংলগ্ন পশুর নদীতে সার বোঝাই
করে নোঙর করে থাকা এমভি শোভা বাল্কহেড জাহাজের লস্কর রমজান হোসেন রাব্বি
(২০) গত শনিবার ভোরে অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন। তার বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায়।
মোংলা থানার ওসি আনিসুর রহমান সোমবার সকালে জানান, উদ্ধার হওয়া লাশের ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।