প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯:৪১ পিএম

যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইচেষ্টার ঘটনায় এক নারীকে আটক করেছে স্থানীয়রা।
রবিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে ঘটনা ঘটে। আটককৃত নারীর নাম শেফালী (৩০), তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতেন গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শেফালী শনিবার রাতে ট্রেনে করে হবিগঞ্জ থেকে যশোরে আসেন। রবিবার সকালে যশোর সদর হাসপাতালে রোগী দেখতে আসা নাসিমা (৪৪) নামের এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। নাসিমার চিৎকারে স্থানীয়রা শেফালীকে ধরেন এবং হাসপাতালের গার্ডদের মাধ্যমে পুলিশে হস্তান্তর করেন।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
স্বদেশ প্রতিদিন/এনআর