প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯:৩৯ পিএম

যশোর জেলার ৬টি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা।
রবিবার বিকেলে শহরের জজ কোর্ট মসজিদ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আইনজীবী ভবনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের পূর্ব সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র চলছে। তারা বলেন, এ ধরনের পরিকল্পনার মাধ্যমে যশোরের চিরায়ত নির্বাচনি সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। বক্তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যশোরবাসী এটি কোনোভাবেই মেনে নেবে না।
নেতৃবৃন্দ আরও জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত একতরফা। জেলার মানুষের মতামত না নিয়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা অগ্রহণযোগ্য। তারা নির্বাচন কমিশনকে এই ষড়যন্ত্রমূলক পরিকল্পনা থেকে দ্রুত সরে আসার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস ও রেজাউল করিম, জেলা প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, বিশিষ্ট লেখক ও গবেষক ও যশোর-৫ আসনের জামায়াত প্রার্থী এডভোকেট গাজী এনামুল হক, শহর আমির অধ্যাপক শামসুজ্জামান, শহর সেক্রেটারি ইমরান হোসাইন প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এনআর