প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১০:০৯ পিএম

চিত্রনায়িকা অপু বিশ্বাস বদলে গেছেন, এমন মন্তব্য করছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। নিজের মতো করে কাজ নিয়ে ব্যস্ত থাকা এই নায়িকা শনিবার (২৩ আগস্ট) ফেসবুকে কিছু স্থিরচিত্র শেয়ার করেন।
ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, “যেখানে ভালোবাসা, সেখানে জীবন।”
অপুর এই পোস্টকে ঘিরে নেটিজেনদের আগ্রহ বেড়ে যায়। কেউ লিখেছেন, প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে থাকে গল্প। আরেকজন মন্তব্য করেছেন, “এই ছবিগুলোতে শাকিব খানের প্রতিক্রিয়া চাই।”
তবে অপু বিশ্বাস জানিয়েছেন, এতে কোনো রহস্য নেই। তিনি বলেন, “ভক্তরাই আমাদের প্রথম ভালোবাসা। আমি সেই ভালোবাসারই ইঙ্গিত দিয়েছি।”
এখন নিজের প্রতি বেশি যত্নশীল অপু প্রতিদিন তিন ঘণ্টা জিমে সময় দেন। পাশাপাশি ছেলেকে নিয়ে সময় কাটান, নিজের প্রতিষ্ঠান ও পারিবারিক ব্যবসার দেখভাল করেন। ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন ফেসবুকের মাধ্যমে, যেখানে তাঁর অনুসারীর সংখ্যা ৯১ লাখের বেশি।
দীর্ঘদিন নতুন কোনো ছবিতে না দেখা গেলেও বিভিন্ন পণ্যের প্রচারণা ও ব্যবসায় ব্যস্ত রয়েছেন তিনি। দুই দশকের ক্যারিয়ারে ‘কোটি টাকার কাবিন’সহ বহু জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন অপু বিশ্বাস। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পরিমিত উপস্থিতি ও পরিণত আচরণ ভক্তদের চোখে তুলে ধরছে—এ এক নতুন অপু।
স্বদেশ প্রতিদিন/ আরএফ