প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৯:৩৯ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের পিয়ন বাবলু মিয়ার দুই বছর ধরে বেতন-ভাতা বন্ধ রয়েছে।
অভিযোগ উঠেছে, মাউশির নির্দেশ থাকা সত্ত্বেও স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রধান শিক্ষক আব্দুল মতিন তা কার্যকর করছেন না। উল্টো ভুক্তভোগীর কাছ থেকে জোর করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগও রয়েছে।
বাবলু মিয়া ২০০৯ সালে পিয়ন পদে নিয়োগ পান এবং এমপিওভুক্ত হন। পরে সরকারের পরিপত্রে ‘পিয়ন’ পদটি ‘অফিস সহায়ক’ নামে পরিবর্তিত হয়। কিন্তু প্রধান শিক্ষক ওই পদে নতুন নিয়োগ দিয়ে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে বাবলুর বেতন বন্ধ করেন। আদালতের রায়ে বাবলুর পক্ষে রায় এলেও তা মানা হয়নি।
ভুক্তভোগীর দাবি, বেতন বন্ধ থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। এ বিষয়ে মাউশি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর নির্দেশ দিলেও প্রধান শিক্ষক কার্যকর করেননি।
অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক বলেন, মামলাটি হাইকোর্টে চলমান থাকায় বেতন দেয়া সম্ভব নয়। তবে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষরের বিষয়ে তিনি ইউএনও’র নির্দেশনার কথা উল্লেখ করেন। বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও উজ্জল কুমার হালদারও আদালতের নিষেধাজ্ঞার কারণেই বেতন বন্ধ রয়েছে বলে জানান।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, প্রতিবেদন পেলে ব্যবস্থা নেয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ