প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮:৩৭ পিএম

শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)সহ দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যখাতের অনিয়ম-অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলন শেষে মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীরা বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে সাধারণ মানুষ প্রতিনিয়ত অবহেলা, দালালচক্র, সিন্ডিকেট ও ন্যূনতম সেবার অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। তারা স্বাস্থ্যখাত সংস্কারে সরকারের জরুরি পদক্ষেপ, চিকিৎসকদের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সিন্ডিকেট ভাঙার দাবি জানান।
রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসিব বলেন, “আমরা স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন জানাচ্ছি এবং শেবাচিমে মিথ্যা মামলায় শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি করছি।”
ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন, “শেবাচিম সংকট নতুন নয়। যদিও সম্প্রতি ৯০টি মেশিন সচল হয়েছে ও পরিবেশ উন্নত হয়েছে, তবে আমাদের আন্দোলন সবার অধিকার রক্ষার আন্দোলন।”
মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসিব, জাকির হোসেন, শর্মিলা জামান সেজুতি, মেহেদী মিশাদ, রাজু রহমান, শহিদুল ইসলাম শাহেদ ও সিরাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মোমিনুল ইসলাম রানা, আলিম রেজা, ইফতেখার সায়েমসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ