প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৬:১৯ পিএম আপডেট: ২৩.০৮.২০২৫ ৭:২২ PM

‘চোর’ বলে অপবাদ দিয়ে কয়েকজনকে নিয়ে তার মাথা কামিয়ে দেন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাওনা টাকা চাওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অটোরিকশাচালকের শরীর অ্যাসিডে ঝলসে দেওয়া হয়েছে। এবং ওই অটোরিকশাচালকের মাথা কামিয়ে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবির মিয়া (২৬) উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের আরফাত আলীর ছেলে।
এরপর, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবির মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতাল সার্জারি বিভাগে ভর্তি করান।
আবির মিয়া জানান, নবীনগরের আলিয়াবাদ গ্রামের অটোরিকশাচালক ওবায়দুল মিয়ার কাছে তিনি ৭০০ টাকা পান। শুক্রবার সন্ধ্যায় দেখা হলে আবির ওই টাকা চাইলে ওবায়দুল তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে আবিরের গায়ে অটোরিকশার ব্যাটারির অ্যাসিড নিক্ষেপ করেন ওবায়দুল। এরপর আবিরকে ‘চোর’ বলে অপবাদ দিয়ে কয়েকজনকে নিয়ে তার মাথা কামিয়ে দেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “বিষয়টি জানা নেই। তবে ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”