প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৫:৫০ পিএম আপডেট: ২৩.০৮.২০২৫ ৬:০৭ PM

ধৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে
সিলেটের জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে পাথর লুটের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জাফলংয়ের মামার বাজার এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে
আফজল হোসেন ও লাখেরপাড় গ্রামের মন্তাজ মিয়ার ছেলে জাবেদ আহমদ।
এরআগে, কিছু দুষ্কৃতকারী চলতি মাসের ৭, ৮ ও ৯ তারিখে জাফলং জিরো পয়েন্ট
থেকে টানা তিন দিনে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট করে। যার
আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা। এ ঘটনায় গত সোমবার (১৮ আগস্ট) ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী
হয়ে অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।
জাফলং জিরো পয়েন্ট থেকে পাথর লুটের ঘটনায় ২ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন বলেন, “ধৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জানান, জাফলং জিরো পয়েন্ট থেকে লুট হওয়া পাথরের মধ্যে এ পর্যন্ত সর্বমোট ২৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়েছে।