প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৫:০৮ পিএম

চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে মাছ চাষকৃত পুকুর ও জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুণাগুন ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক কাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদ এলাকায় ৮ জন চাষির পুকুরের পানি পরীক্ষা করে গুণাগুন জানানো হয়।
এর আগে ১৮ আগস্ট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম শুরু হয়। চলবে রোববার ২৪ আগস্ট পর্যন্ত।
পরীক্ষা কার্যক্রম যৌথভাবে পরিচালনা করেন জেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুর।
উপস্থিত ছিলেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোজাম্মেল হক, বৈজ্ঞানিক কর্মকর্তা রিজভী কায়সার, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, গবেষণা সহকারী মো. আব্দুস সালাম ও ক্ষেত্র সহকারী আব্দুল কাদের।
একই দিন জেলার হাইমচর উপজেলায় চাষীদের পানির গুণাগুন পরীক্ষা করে উপজেলা মৎস্য বিভাগ। সেখানে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে