প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১২:২০ পিএম

সংগৃহীত ছবি
খুলনার আঠারো মাইল এলাকায় দুর্বৃত্তদের হাতে যুবদল নেতা মো. শামীম নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২২ আগস্ট) রাতের কোনো এক সময়ে ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় ঢুকে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
আজ শনিবার (২৩ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
জানা গেছে, শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে এবং সাবেক ইউপি সদস্য। তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শামীম দীর্ঘদিন ধরে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় বসবাস করতেন এবং কীটনাশকের ব্যবসা করতেন।
তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা হত্যাকারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার কারণ এখনও নিশ্চিত নয়, পুলিশ বিষয়টি তদন্ত করছে।