প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১২:৫৭ AM

বগুড়ার ধুনটে বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওহিদুল ইসলাম (৫৩)। তিনি উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে।
শুক্রবার (২২ আগস্ট) সকালে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের পাশ থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর শহরের পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির পার্টি অফিসে কর্মীসভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা আসামি ওহিদুল ইসলামকে শুক্রবার সকালে জনতার সহায়তায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ