প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৫:০৪ AM

বিএনপির কেন্দ্রীয় সহ–তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বলেছেন, “পিআর বুঝি না, ভোট হবে ব্যালটে। আমরা জনগণের ভোটের ওপর আস্থা রাখি।”
বুধবার (২০ আগস্ট) বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিমুল আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েও আমরা রাজপথে আছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। সেই বাংলাদেশ হবে সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ শান্তিতে বসবাস করবে।”
আলোচনা সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, স্বেচ্ছাসেবক দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি সালাহউদ্দিন বুলবুল সিডল ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন বক্তব্য রাখেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ