প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১০:৪৬ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ১০:৪৮ PM

সংগৃহীত ছবি
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুজ্জামান জানিয়েছেন, দেশে নতুন করে আরও ৫১৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে। এই ক্লিনিকগুলো জাইকার অর্থায়নে নির্মাণ হবে। এছাড়া ঝুঁকিপূর্ণ ৫ হাজার ৮০টি কমিউনিটি ক্লিনিক মেরামত ও পুনঃস্থাপন করা হবে, যার জন্য ওপেক অর্থায়ন দেবে।
আজ বুধবার (২০ আগস্ট) রাজধানীর মহাখালীতে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কার্যালয়ে আয়োজিত প্রান্তিক স্বাস্থ্যসেবায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আগে প্রতি ছয় হাজার মানুষ বা ৩০ মিনিট হাঁটার মধ্যে একটি ক্লিনিক থাকার পরিকল্পনা ছিল, কিন্তু বাস্তবতায় কিছু এলাকায় ১০–১৫ হাজার মানুষের জন্য একটি ক্লিনিক রয়েছে। নতুন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এই ঘাটতি পূরণ করা হবে।
নির্মাণাধীন ৫১৬ ক্লিনিকে ১৩ হাজার ৯৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য ৪২০ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ইতোমধ্যে ১২০ কোটি টাকার ওষুধ কেনা হয়েছে এবং আরও ২০০ কোটি টাকার ওষুধ কেনার প্রক্রিয়া চলছে।
ডা. আসিফ মাহমুদ জানান, ট্রাস্ট শুধু সেবা দেওয়ায় সীমাবদ্ধ থাকতে চায় না, বরং শক্তিশালী স্বাস্থ্য অবকাঠামো গড়ে তুলতে চায়। এর জন্য নিজস্ব ভবন, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ডিজিটাল রেফারেল সিস্টেম চালু করা হবে।
উল্লেখ্য, বর্তমানে দেশে ১৪ হাজার ৪৬৭টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। প্রতিটি ক্লিনিকে একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এবং স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারী সপ্তাহে দুই দিন সেবা দেন। বর্তমানে দেশে ১৩ হাজার ৯২৩ জন সিএইচসিপি কর্মরত আছেন।