প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১০:৩২ পিএম

সংগৃহীত ছবি
সাফ অ-১৭ নারী ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। সুরভী আকন্দ প্রীতি একটি এবং আলপী আক্তার জোড়া গোল করেন।
বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। একমাত্র গোলটি প্রথমার্ধের শেষ মুহূর্তে আসে—মাঝমাঠ থেকে আগানো আক্রমণ ঠেকাতে ভুটানিজ গোলরক্ষক এগিয়ে আসলেও সুরভীর শট শেষ পর্যন্ত জালে গিয়ে পড়ে।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও দুই গোল করে। ৫৩ মিনিটে আলপী আক্তারের দুর্দান্ত শটে গোল আসে, বাংলাদেশ ২-০ এগিয়ে যায়। কিছুক্ষণ পর ভুটান একটি গোল করে। তবে ৬৪ মিনিটে আলপী আক্তারের কর্নার শট থেকে আরও একটি গোল হয়ে বাংলাদেশকে ৩-১ লিড এনে দেয়।
ম্যাচের বাকি সময় বাংলাদেশ গোলের আরও কয়েকটি সুযোগ তৈরি করে, কিন্তু ভুটানের ডিফেন্ডাররা একাধিকবার গোললাইন সেভ করে।
বাংলাদেশের মেয়েদের ফুটবলে সিনিয়র দল ইতোমধ্যেই এশিয়া কাপ নিশ্চিত করেছে, অ-২০ দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে এবং এশিয়া কাপে উঠেছে। এবার অ-১৭ দলও সাফ চ্যাম্পিয়ন হওয়ার মিশন শুরু করেছে জয় দিয়ে।