প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৯:৩২ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ৯:৩৫ PM

তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তজুমদ্দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা, র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ সুমন।
প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শাহ মো. শাহিন শাজী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আকিব জাভেদ চৌধুরী, হাসনাইন মাহমুদ নাসিম, তানজিদ হাসান রিমন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মহসিন মাহজন, স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান পাটোয়ারী, আব্দুল গফুর, আল মামুন, স্বেচ্ছাসেবক দলের নেতা রিপন হাজী, মোরশেদ আলম তৌহিদ, জামাল, রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, দলটি দেশের স্বৈরাচারবিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনে সবসময় সোচ্চার থেকেছে এবং আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নেতাকর্মীরা কাজ চালিয়ে যাবে।
আগামীর বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তৃণমুল নেতাকর্মীরা কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন বক্তারা।
আলোচনা শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়।