প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৮:২১ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ৮:২৩ PM

সংগৃহীত ছবি
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে চড় মারা সেই যুবকের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীর নাম রাজেশ সাক্রিয়া। তিনি গুজরাটের রাজকোটের বাসিন্দা। তার মা ভানু বলেছেন, রাজেশ একজন কুকুরপ্রেমী এবং দিল্লি এনসিআরে বেওয়ারিশ কুকুরদের ধরে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করার সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে তিনি ক্ষুব্ধ ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাজেশ মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে একটি কাগজ দেওয়ার নাম করে এগিয়ে যান। এরপর চিৎকার ও গালিগালাজ করতে থাকেন এবং এক পর্যায়ে মুখ্যমন্ত্রীর চুল টেনে ধরে চড় মারেন। এতে মুখ্যমন্ত্রীর হাতে ও মাথায় আঘাত লাগে। দ্রুতই রাজেশকে নিরাপত্তারক্ষীরা আটক করেন এবং দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে।
হামলাকারীর বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একজন সরকারি কর্মচারীর ওপর আক্রমণ এবং কাজে বাধা দেওয়ার মামলা দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ বলেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাজেশ কমপক্ষে ২৪ ঘণ্টা আগে থেকে হামলার প্রস্তুতি নেন, তল্লাশি ও ভিডিও রেকর্ডিং করেন।
দিল্লির বিজেপি, কংগ্রেস ও আম আদমি পার্টি (আপ) এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
আপ নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা বলেন, “গণতন্ত্রে মতবিরোধ ও প্রতিবাদ থাকতে পারে, কিন্তু হিংসার কোনো স্থান নেই। আশা করি, পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কড়াকড়ি পদক্ষেপ করবে।”