প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১২:২৫ পিএম

উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোতে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে দেওয়া এক আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরের উপর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম