প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪:১২ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেছেন আইনজীবী হাসানুল বান্না। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ান।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।
তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে হাসানুল বান্না চিফ প্রসিকিউটরের কাছে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জন্ডিস ও লিভারজনিত রোগে ভুগছিলেন। নিয়োগের পর কয়েকদিন অফিস করার পরই তার শারীরিক জটিলতা ধরা পড়ে। এরপর থেকেই তিনি ছুটিতে ছিলেন।
গত ১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান আইনজীবী হাসানুল বান্না। তবে অসুস্থতার কারণে কার্যত তিনি দায়িত্ব পালন করতে পারেননি।