প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৮:১১ AM

দেশের দক্ষিণ ও উপকূলীয় ৭ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৫ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া, সর্বশেষ ১২০ ঘণ্টার (৫ দিনের) পূর্বাভাসে বলা হয়েছে, দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়ার এই পরিস্থিতিতে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে নদী ও উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের স্থানীয় পূর্বাভাস ও নির্দেশনার প্রতি নজর রাখার আহ্বান জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম