প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪:৪৮ AM আপডেট: ১৯.০৮.২০২৫ ৪:৫১ এএম

সংগৃহীত ছবি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কেবল অস্থায়ী যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ী শান্তিচুক্তি চান। তার মতে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে আলোচনার মাধ্যমে এটি সম্ভব।
গতকাল সোমবার (১৮ আগস্ট) ওয়াশিংটনের হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের দেড় ঘণ্টাব্যাপী বৈঠক হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “যুদ্ধবিরতি আমি পছন্দ করি। কারণ এটি তাৎক্ষণিকভাবে হত্যাযজ্ঞ থামাতে পারে। তবে শেষ পর্যন্ত আমাদের একটি টেকসই শান্তিচুক্তি প্রয়োজন, যা স্থায়ীভাবে সহিংসতা বন্ধ করবে। আমি বিশ্বাস করি, এটি নিকট ভবিষ্যতেই সম্ভব।”
তবে এ বিষয়ে খানিকটা ভিন্নমত প্রকাশ করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্ৎস। তিনি বলেন, “আমরা সবাই যুদ্ধবিরতি চাই। কোনো ধরনের যুদ্ধবিরতি ছাড়া আলোচনায় বসার কথা আমি কল্পনাও করতে পারছি না। আমরা এ বিষয়ে কাজ করতে চাই এবং সম্ভাব্য ত্রিপক্ষীয় (যুক্তরাষ্ট্র-রাশিয়া-ইউক্রেন) বৈঠকের জন্য রাশিয়াকে চাপ দিতে চাই।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান নিয়ে আলোচনার পরপরই ট্রাম্প ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন।
সূত্র : সিএনএন