প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১২:৩৩ AM আপডেট: ১৯.০৮.২০২৫ ১২:৪৩ এএম

পলাশে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন
নরসিংদীর পলাশ উপজেলায় “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু বক্কর সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আবু বক্কর সিদ্দিকী বলেন, “বাংলাদেশ বর্তমানে মিঠা ও স্বাদু পানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর ইলিশ উৎপাদনে বাংলাদেশ এক নম্বরে রয়েছে। এ অর্জন আমাদের জাতীয় গর্ব।”
তিনি আরো বলেন, “মৎস্য সম্পদ শুধু অর্থনৈতিক উন্নয়নের খাত নয়, বরং খাদ্য নিরাপত্তা ও পুষ্টির অন্যতম উৎস। তাই এ সম্পদ রক্ষায় সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
আলোচনা সভায় বক্তারা জানান, দেশের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ প্রাণিজ আমিষ আসে মাছ থেকে। মাছের ফ্যাটি এসিড, ওমেগা-থ্রি ও ভিটামিন মানবদেহের জন্য অত্যন্ত উপকারী।
তারা খাল, বিল, নদী-নালা ও জলাশয়গুলোকে মাছের অভয়াশ্রমে পরিণত করার আহ্বান জানান এবং চাইনিজ কারেন্ট জালের ব্যবহার রোধে সচেতন হওয়ার তাগিদ দেন।
পরে শ্রেষ্ঠ মাছ চাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। শেষে দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী কর্মসূচি সমাপ্ত হয়।