প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১০:০৭ পিএম

রূপসা থানাধীন কৃষি ব্যাংকে লুটের মূল হোতা ইউনুস শেখ সোমবার (১৮ আগস্ট) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জবানবন্দিতে তিনি জানিয়েছেন, দেনার দায়ে জর্জরিত অবস্থায় পূর্ব রূপসার ব্যাংক ব্যবস্থাপককে ১০ লাখ টাকা ঋণ চেয়ে ব্যর্থ হওয়ার পর মনের ক্ষোভে ব্যাংক লুটের পরিকল্পনা করেন। শুক্রবার ভোর ৬টার দিকে ব্যাংকের নিরাপত্তা প্রহরী অনুপস্থিতির সুযোগ নিয়ে তিনি লুট করেন।
ইউনুস ব্যাংকের নিচ তলায় গিয়ে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কলাপসিবলের তালা কেটে ভেতরে প্রবেশ করেন। এরপর স্ক্রু ড্রাইভার দিয়ে ভল্ট ভেঙে ২০ ও ৫০ টাকার নোট নিয়ে নেন। তিনি নোটগুলোকে তৃতীয় তলার ফাঁকা কক্ষে রেখে দেন এবং প্রথম পর্যায়ে পাওয়া টাকা দিয়ে নিজের দেনা, চালের দোকান, মুদি দোকান ও বিভিন্ন সমিতির দেনা পরিশোধ করেন।
ইউনুসের পরিকল্পনা অনুযায়ী, কেউ তাকে শনাক্ত করতে না পারে সেজন্য হাতে মোজা এবং মুখে পলিথিন ব্যবহার করেন। এরপর পুলিশের সিসি ফুটেজে শনাক্ত হয়ে রোববার ভোর রাতে গ্রেপ্তার হন।
রূপসা থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান জানিয়েছেন, পুলিশ জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থান থেকে মোট ১ লাখ ৫২ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
ইউনুস স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে দুপুরে জবানবন্দি দেন এবং বিকেল সাড়ে ৪টার দিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ