প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৫:০০ পিএম আপডেট: ১৮.০৮.২০২৫ ৫:২৫ PM

ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প মারা গেছেন। ‘সুপারম্যান’ চলচ্চিত্র সিরিজে খলনায়ক জেনারেল জোড চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া এই অভিনেতা রোববার (১৭ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
এপি, এনবিসিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, টেরেন্স স্ট্যাম্পের মৃত্যুর খবর তার পরিবার নিশ্চিত করেছে। তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
১৯৭৮ সালের সুপারম্যান ও ১৯৮০ সালের সুপারম্যান ২–এ ক্রিস্টোফার রিভের বিপরীতে জেনারেল জোডের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই চরিত্রই তাকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি।
লন্ডনে জন্ম নেওয়া টেরেন্স স্ট্যাম্প ১৯৬২ সালে বিলি বাড ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। প্রথম ছবিতেই তিনি সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে অস্কার ও বাফটা অ্যাওয়ার্ডে মনোনয়ন পান। পরবর্তী ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এবং দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
তার মৃত্যুতে হলিউড ও ইউরোপের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা ও শোক জানাচ্ছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ