প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩:০৯ পিএম আপডেট: ১৮.০৮.২০২৫ ৩:২০ PM

সংগৃহীত ছবি
বরগুনার পাথরঘাটার কচিখালী এলাকা থেকে বঙ্গোপসাগরে ১১ ঘণ্টা ভেসে থাকা ১০ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে পাথরঘাটার কচিখালী এলাকা থেকে তাদের জীবিত উদ্ধার করা হয়। এরআগে রবিবার পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে মাছ ধরার একটি নামবিহীন ট্রলার ডুবে যায়।
জানা যায়, কুয়াকাটা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে রাত ৯টার দিকে সাগরে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা ১০ জেলে পানির কন্টেইনার ও জালের ফ্লোট ধরে টানা ১১ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন।
ডুবে যাওয়া ট্রলারের মালিক কুয়াকাটার লালুয়ার মেরাউপাড়া আবাসনের খোকন হাওলাদার। তার চাচা জুম্মান হাওলাদার জানান, সাগর উত্তাল হওয়ায় জেলেরা মাছ ধরা বন্ধ করে তীরে ফিরছিলেন। পথে একটি ডুবে চরে আটকে গেলে মুহূর্তেই ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। প্রাণ বাঁচাতে জেলেরা পানিতে ভেসে থাকতে বাধ্য হন।
তিনি আরও জানান, খবর পেয়ে সোমবার সকালে আরেকটি বোট নিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে খোকন, মিরাজ, এনামুল ও মাসুম প্যাদার নাম পাওয়া গেছে। অন্যদের নাম এখনও জানা যায়নি, তবে সবাই নিরাপদে আছেন।
স্থানীয় জেলেরা জানান, বর্তমানে সাগর ভয়াল উত্তাল থাকায় আলীপুর-মহিপুরসহ আশপাশের এলাকার বেশিরভাগ ট্রলার মাছ শিকার বন্ধ রেখে নদী ও শাখা নদীতে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে।
এদিকে জেলেদের জীবিত উদ্ধারের ঘটনায় বেশ উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে জেলে পাড়ায়।