প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২:৩৬ AM

এবার ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবা পাওয়া গেছে। কৌশলে এসব বহনের সময় দুইজন আটক হয়েছে কক্সবাজার বিমানবন্দরে।
রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্ক্যানার মেশিনে এসব ইয়াবা ধরা পড়ার পর তাদের আটক করার কথা জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ।
রিয়াজ উদ্দিন আহমদ জানান, ৫১০০ ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়। আটক দুইজন হলেন মাদারিপুরের জাকির হোসেন (২১) ও বরিশালের তানভীর আহমেদ (২৮)।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, সকাল ১০টা পঞ্চাশ মিনিটের ইউএস বাংলার একটি ফ্লাইটে তাদের যাত্রা করার কথা ছিল। কিন্তু চেকিং এর সময় বিমানবন্দরের অত্যাধুনিক স্ক্যানার মেশিনে ক্রিকেট ব্যাটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি শনাক্ত হয়।
এরপরই বিমানবন্দরের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের সদস্যরা ইয়াবা বহনকারীদের আটক করে।
আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ৮ এপিবিএনের অধিনায়ক।
স্বদেশ প্রতিদিন/কেআইকে