প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১০:১৭ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ১০:১৯ PM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও কৃতি সন্তান আক্কাস ভূঁইয়ার নামে মামলা দায়ের এবং গ্রেফতারের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন রবিবার (১৭ আগস্ট) বিকেলে দৌলতপুর বাজারে গ্রামের সাধারণ মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য জলিল মেম্বার।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বর্তমান মেম্বার রুপ মিয়া, জয়নাল মিয়া, হোসেন মিয়া, তারা মিয়া, খলিল মিয়া, কাদির মিয়া, জাকির মিয়া, শওকত আলী, ডাক্তার সিদ্দিকুর রহমান, সুফিউল্লাহ, বরকতুল্লাহসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ।
বক্তারা বলেন, আক্কাস ভূঁইয়া একজন সৎ ও সমাজসেবী মানুষ। তার নামে দায়েরকৃত মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং আক্কাস ভূঁইয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
উল্লেখ্য, ১৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন রাজু, ব্যবসায়ী আক্কাস ভূঁইয়া ও ফাহিম ভূঁইয়া এবং অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করে শিবপুর ইউনিয়নের নাছিমা আক্তার চাঁদাবাজির মামলা দায়ের করেন। এরপর ১৫ আগস্ট রাতে থানা পুলিশ আক্কাস ভূঁইয়াকে গ্রেফতার করে এবং পরদিন ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ