প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১:৪৩ AM

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫ টায় ধামশ্রেণী ইউনিয়নের ঠাকুরবাড়ি ইন্দারার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামশ্রেণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও উলিপুর উপজেলার কৃতি সন্তান মো. আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল। আরও উপস্থিত ছিলেন হামিদুর রহমান টিপু, আবুজাফর সোহেল রানা, ফিরোজ কবির কাজল, আবুল কালাম আজাদ শাহীন, শামীম আহমেদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খালেক বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমাদের সবাইকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।’
তিনি আরও বলেন, ‘সদস্য সংগ্রহ কার্যক্রম যেন শুধু কাগজ-কলমে সীমাবদ্ধ না থাকে, আমাদেরকে জনগণের হৃদয়ে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে।’
বক্তারা বলেন, এই সদস্য সংগ্রহ কার্যক্রমের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সংগঠন হবে আরও শক্তিশালী।
স্বদেশ প্রতিদিন/এমএম