প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১:৩০ AM আপডেট: ১৭.০৮.২০২৫ ৩:৪৬ এএম

টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পরমেশ্বর শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস শুভ জন্মাষ্টামী যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) এ উপলক্ষে টাঙ্গাইলের শ্রীশ্রী কালীবাড়ি কমিটির আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জি, বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুরা, যারা শ্রীকৃষ্ণ ও রাধার রূপে সজ্জিত ছিলেন।
শোভাযাত্রা শেষে পূজা আচার, শ্রীকৃষ্ণের জীবনীর ওপর আলোচনা, এবং ধর্মীয় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া শহরের ছোট কালীবাড়ি, বটতলা, এবং জেলা ইসকন-এর পক্ষ থেকেও জন্মাষ্টামী উপলক্ষে অনুরূপ কর্মসূচি পালন করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম