এনসিপিসহ কয়েকটি দল নির্বাচন নিয়ে ষরযন্ত্র করছে: কে. এম মামুন
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১১:৫৯ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকালে পালবাড়ি বাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো. নরু মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী কে.এম. মামুন অর রশিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এ দেশ থেকে পালিয়েছে। এনসিপিসহ কয়েকটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। দেশে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘নবীনগরের প্রতিটি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি বিএনপির মনোনয়ন পেয়ে আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে পারি।’
অনুষ্ঠানে ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. নজরুল মিয়ার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান উদ্বোধনী বক্তব্য রাখেন।
বিশেষ অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন:- জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষকদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন খাঁন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম (সবুজ সরকার), সাধারণ সম্পাদক মো. রিপন মুন্সী প্রমুখ।
সম্মেলনের শেষপর্যায়ে মো. নরু মিয়াকে সভাপতি এবং মো. নজরুল মিয়াকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম