প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১২:০১ AM

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের পাঁচ শীর্ষ নেতাকে দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রত্যাহার করেছে দলটি।
শনিবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ আগস্ট হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে পৃথক পাঁচটি শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। উল্লিখিত নেতারা দপ্তরের মাধ্যমে আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর নোটিশের জবাব দেন।
জবাবের বিশ্লেষণে দেখা গেছে, কোনো ধরনের দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি। তাই আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে শোকজ নোটিশগুলো প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে।
এর আগে ৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থানের’ প্রথম বর্ষপূর্তির রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচির সময় তারা ব্যক্তিগত সফরে কক্সবাজারে যাওয়ার অভিযোগ উঠেছিল। এ ঘটনায় শোকজ নোটিশ দেওয়া হয়েছিল।
স্বদেশ প্রতিদিন/ আরএফ