প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৭:১৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভাগীয় পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিভাগের সভাপতি অধ্যাপক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযোগ পাওয়ার পরপরই একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী ব্যবস্থা নেবে।
অভিযুক্ত শিক্ষক হলেন পরিসংখ্যান বিভাগের ড. প্রভাস কুমার কর্মকার। তিনি একই সঙ্গে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি।
ভুক্তভোগী শিক্ষার্থী একই বিভাগের মাস্টার্সের ছাত্রী। অভিযোগ অনুযায়ী, গত ৪ আগস্ট বিভাগীয় কার্যালয়ে অভিযুক্ত শিক্ষকের ব্যক্তিগত কক্ষে এ ঘটনা ঘটে। পরে সুষ্ঠু বিচারের দাবিতে ভুক্তভোগীর মা ১৩ আগস্ট বিভাগীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ