
মাছ-মাংসের দাম বৃদ্ধি পাওয়ায় মানুষের প্রধান ভরসা ছিল সবজি। কিন্তু এবারও সবজির দাম লাগামহীনভাবে বেড়ে গেছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এখন অধিকাংশ সবজির দাম ৮০ টাকার ওপরে। বিশেষ করে নিম্ন ও সীমিত আয়ের মানুষ এই উচ্চমূল্যে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।
শুক্রবার (১৫ আগস্ট) খিলক্ষেত, নয়াবাজার ও কারওয়ান বাজারে দেখা যায়, শাক-সবজি, মাছ-মাংস, ডিমসহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে।
বাজার পরিস্থিতি অনুযায়ী:
• সবজি: বেগুন প্রতি কেজি ১০০-২০০ টাকা (তিন সপ্তাহ আগে ৬০-১৪০ টাকা); করলা, বরবটি, কাঁকরোল ১০০-১২০ টাকা; টমেটো ১৬০-১৮০ টাকা; পটোল, ঢেঁড়স, ঝিঙা ৮০-১০০ টাকা; চিচিঙা, ধুন্দুল, কচুমুখি ৬০-৮০ টাকা; মিষ্টিকুমড়া, পেঁপে, কাঁচকলাসহ কয়েকটি সবজি ৫০ টাকার নিচে। লাউ ৭০-৮০ টাকা, চালকুমড়া ৫০-৭০ টাকা। কাঁচা মরিচ ২০০-২৪০ টাকা।
• মাছ: ইলিশ ১ কেজি ২২০০ টাকা, ৫০০-৬০০ গ্রাম ১৬০০ টাকা, ৭০০-৮০০ গ্রাম ১৮০০ টাকা, ১.৫ কেজি ৩০০০-৩২০০ টাকা। বোয়াল ৭৫০-৯০০, কোরাল ৮৫০, আইড় ৭০০-৮০০, চাষের রুই ৩৮০-৪৫০, কাতল ৪৫০, টেলাপিয়া ১৮০-২২০, পাঙাশ ১৮০-২৩৫, কৈ ২০০-২২০, পাবদা ও শিং ৪০০-৫০০। চাষের ট্যাংরা ৭৫০-৮০০, কাঁচকি ৬৫০-৭০০, মলা ৫০০-৫৫০।
• মুরগি ও ডিম: ব্রয়লার মুরগি ১৭০ টাকা, সোনালি মুরগি ৩২০-৩৪০, দেশি মুরগি ৬০০-৭০০, সাদা লেয়ার ৩১০, লাল লেয়ার ৩২০, হাঁস ৫০০-৬০০ টাকা। লাল ডিম ১৪৫-১৫০ টাকা, সাদা ডিম ১৩৫-১৪০, হাঁসের ডিম ২৩৫ টাকা। বিক্রেতারা বলেন, ডিমের চাহিদা বেড়েছে, তবে সরবরাহ বাড়েনি, তাই দাম আরও চড়া।
• গরু ও খাসি: গরুর মাংস ৭৫০-৮০০, খাসির মাংস ১২০০, ছাগল ১১০০ টাকা।
• পেঁয়াজ: পাইকারি দামে কিছুটা কমলেও খুচরা বাজারে এখনও ৮৫-৯০ টাকা প্রতি কেজি।
বাজারে দাম বৃদ্ধির মূল কারণ হিসেবে বিক্রেতারা আবহাওয়া ও মৌসুম উল্লেখ করেছেন। ফিরোজ নামের এক বিক্রেতা বলেন, “দেশের অনেক এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে। ফলে সরবরাহ কমে গেছে।”
বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার জানান, বর্তমানে লিন সিজন বা কম উৎপাদনের মৌসুম চলছে। বৃষ্টির কারণে জমিতে সবজি চাষ কম, তাই বাজারে দাম বেশি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল বলেন, “আমাদের অধিকাংশ সবজি রবি বা শীত মৌসুমে (অক্টোবর থেকে মার্চ) উৎপাদন হয়। বর্তমানে বৃষ্টিপাতের মৌসুম হওয়ায় সবজি চাষ কমে গেছে। অক্টোবর থেকে নতুন সবজি উৎপাদন শুরু হলে সরবরাহ বাড়বে এবং দাম কমে আসবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ