প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৯:৫০ AM

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, গত বছরের গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশ আবারও পুরোনো সংকটে ফিরে যাবে।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুরভিত্তিক চ্যানেলনিউজএশিয়া (সিএনএ) টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর অন্যতম লক্ষ্য ছিল সংস্কার, বিচার ও একটি গ্রহণযোগ্য, উৎসবমুখর নির্বাচন আয়োজন। এগুলোর বেশিরভাগ কাজ এখন শেষ পর্যায়ে।
ইউনূস বলেন, আগের রাজনৈতিক ও নির্বাচনব্যবস্থা ছিল “জালিয়াতিতে ভরা” এবং ফ্যাসিবাদী শাসনের হাতিয়ার। এর অপব্যবহারে অর্থনীতি ধ্বংস ও সমাজ বিপর্যস্ত হয়েছে। “যখন আমরা দায়িত্ব নিই, তখন দেশের অবস্থা ছিল যেন ৯ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত।”
তিনি স্পষ্ট করে বলেন, বিচার ও সংস্কার সম্পন্ন হওয়ার আগে নির্বাচন হলে তা কেবল ক্ষমতা নির্বাচিতদের হাতে ফিরিয়ে দেবে এবং দেশের পুরোনো সমস্যা ফিরে আসবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, “তিনি রাস্তায় কাছ থেকে মানুষ হত্যা করেছেন—আরও কঠোর শব্দ থাকলে সেটাই ব্যবহার করতাম।”
শেখ হাসিনার প্রত্যাবাসন নিয়ে ভারতের অবস্থান প্রসঙ্গে ইউনূস বলেন, তাঁকে ফিরিয়ে আনার জন্য যুদ্ধ হবে না, তবে তাঁর মাধ্যমে যেন বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি না হয়, সেটি নিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে তিনি জানান, পাকিস্তান ও চীনের সঙ্গে ইতিবাচক সম্পর্ক আছে, ভারতের সঙ্গেও তা বজায় রাখতে চান। নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে নিয়ে বঙ্গোপসাগরকেন্দ্রিক অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবও দেন তিনি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ