প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ২:৩১ পিএম

কারাবাও কাপে লিগ ওয়ানের হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে নাটকীয় ম্যাচে জয় হাতছাড়া করে বিদায় নিয়েছে লিস্টার সিটি। দূরপাল্লার এক দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দিলেও শেষ পর্যন্ত ম্যাচের নায়ক থেকে খলনায়কে পরিণত হয়েছেন অধিনায়ক হামজা চৌধুরী।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় লিস্টার। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে চমৎকার দূরপাল্লার শটে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সিনিয়র গোলটি করেন হামজা চৌধুরী, লিস্টারকে এনে দেন ১-০ ব্যবধানের লিড।
তবে ১১ মিনিট পরই নিজের ডি-বক্সে অপ্রয়োজনীয় ফাউল করে বিপাকে ফেলেন দলকে। হাডার্সফিল্ডের পেনাল্টি শটে গোলকিপার ইয়াকুব স্তোলারচিক প্রথম প্রচেষ্টা ঠেকালেও রিবাউন্ড থেকে গোল করেন ড্যানিয়েল ভস্ট।
এরপর ৬৯তম মিনিটে হ্যারি উইঙ্কসের বাঁকানো শটে আবারও লিড নেয় লিস্টার। কিন্তু ৭৪তম মিনিটে ক্যামেরন আশিয়ার গোল ম্যাচে ফেরায় সমতা।
নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে লিস্টারের জর্ডান আইয়ু ও কেসি ম্যাকএটিয়ারের শট ঠেকিয়ে দেন হাডার্সফিল্ডের গোলরক্ষক লি নিকলস। আর বিলাল এল খান্নুসের শট লাগে পোস্টে।
শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে টাইব্রেকারে জয় পায় হাডার্সফিল্ড টাউন, আর টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে প্রিমিয়ার লিগ থেকে সদ্য অবনমিত লিস্টার সিটি।
স্বদেশ প্রতিদিন/এমএম