
বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেবাশিষ বিশ্বাসকে ডেকে নিয়ে অপহরণ, চার ঘণ্টা আটকে রেখে বেধড়ক মারধর ও ছিনতাইয়ের ঘটনায় ওই ওয়ার্ডের সভাপতি রবিউল শেখকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপি’র চিতলমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিউল শেখের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়।
আহত দেবাশিষ বিশ্বাস জানান, গত শনিবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে রবিউল শেখের সঙ্গে চা খাওয়ার পর তিনি তাকে মোটরসাইকেলে করে বাড়ি পৌঁছে দিতে যান। সোনাখালী বিলে পৌঁছানোর পর আগে থেকে ওঁত পেতে থাকা ৫ থেকে ৭ জন যুবক তার মুখ বেঁধে একটি মৎস্য ঘেরে নিয়ে গিয়ে ৪ ঘণ্টা ধরে বেধড়ক মারধর ও নির্যাতন করে।
দেবাশিষ আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার পকেটে থাকা ৪৩ হাজার টাকা, সুজুকি জিকসার মোটরসাইকেল ছিনিয়ে নেয় এবং ফাঁকা ৩ টি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে।
রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় একজন বিষয়টি দেখতে পেয়ে সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার সরদারকে খবর দেন। পরে তিনি লোকজন নিয়ে গুরুতর আহত অবস্থায় দেবাশিষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মোক্তার সরদার জানান, আসন্ন ইউনিয়ন বিএনপি নির্বাচনে দেবাশিষ ও রবিউল দুজনেই প্রার্থী হওয়ায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। সেই জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
অভিযুক্ত রবিউল শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দেবাশিষ আমার ভাইয়ের মাছ চুরি করেছে, তাই তাকে শাস্তি দেওয়া হয়েছে। বহিষ্কারের ঘটনায় আমি দুর্বল নই।’
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু বলেন, ‘উপজেলা বিএনপি’র সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের অনুমতি সাপেক্ষে-দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি, ছিনতাই এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাগেরহাট জেলাধীন চিতলমারী উপজেলার চিতলমারী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
চিতলমারী থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন জানান, আহত দেবাশিষ বিশ্বাস থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম