প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৪:১২ পিএম

বরগুনা জেলা পুলিশ পুলিশ কনস্টেবল (ট্রেইনি রিক্রুট কস্টেবল বা টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।
১৩ আগস্ট দুপুরে বরগুনা পৌর শহরের মাছ বাজার এলাকায় পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল সচেতনতার উদ্দেশ্যে লিফলেট বিতরণ করেন। লিফলেটে চাকরিপ্রার্থী ও তাদের অভিভাবকদের সতর্ক করা হয়েছে, যাতে তারা প্রতারক চক্রের ফাঁদে না পড়েন।
ইতিমধ্যে বরগুনার বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে সচেতন করা হয়েছে।
বরগুনা জেলা পুলিশ সূত্রে জানা যায়, ১৭ থেকে ১৯ আগস্ট পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতারণাকারীরা প্রার্থীদের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার জন্য “শতভাগ চাকরি নিশ্চয়তার” প্রলোভন দেখায়। এ বছর এমন প্রতারণা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও সতর্কবার্তা প্রচার করা হচ্ছে।
পুলিশ সুপার ইব্রাহিম খলিল বলেন, নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে, দুর্নীতি মুক্ত ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে। কেউ যদি টাকার বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দেখায়, তা প্রতারণা হিসেবে গণ্য হবে। বরগুনা জেলা পুলিশ এই বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ