প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৩:১৯ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে দ্রুতগতির সিএনজির ধাক্কায় দোলন (৬২) নামের এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঁচবিবি–কামদিয়া সড়কের দানেজপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত দোলন ওই এলাকার মৃত সমশের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে কামদিয়া দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়ে তিনি রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দেন।
পরিবারের লোকজন প্রথমে তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানার ওসি ময়নুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়ে এখনো কেউ থানায় কোনো তথ্য দেননি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ