প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১২:৩৪ পিএম

সংগৃহীত ছবি
ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের সময় জুন মাসে ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ইরানের পুলিশ।
গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে পুলিশের মুখপাত্র জেনারেল সাঈদ মন্তাজেরুলমাহদি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জনগণের সরাসরি সহযোগিতায় এসব গ্রেপ্তার সম্ভব হয়েছে। পুলিশ মুখপাত্র দাবি করেছেন, যুদ্ধ চলাকালে ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেফতার করা জনগণের উচ্চমাত্রার সচেতনতা ও নিরাপত্তা প্রদানে সক্রিয় অংশগ্রহণের প্রমাণ।
তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। তার ভাষ্যমতে, আটক ব্যক্তিদের মধ্যে ২৬০ জনের বেশি গুপ্তচরবৃত্তির অভিযোগে এবং আরো ১৭২ জন অবৈধভাবে চিত্র ধারণের অভিযোগে ধরা পড়েছে। সংঘাতকালীন সময়ে সারা দেশে এক হাজারেরও বেশি তল্লাশিচৌকি বসানো হয়েছিল।
জুনের শেষ দিক থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
গত ১৩ থেকে ২৪ জুন পর্যন্ত চলা সংঘাতে ইসরায়েলের বিমান হামলায় ইরানে প্রায় ১,১০০ জন নিহত হন। যাদের মধ্যে বহু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন। পাল্টা ইরানি হামলায় ইসরায়েলে নিহত হন অন্তত ২৮ জন।
উল্লেখ্য, এই প্রথমবারের মতো ইরানি পুলিশ যুদ্ধকালীন গ্রেপ্তারের মোট সংখ্যা প্রকাশ
করল। এর আগে বিভিন্ন সময়ে কেবল গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তারের খবর
দেওয়া হয়েছিল।
সূত্রঃ এপি