প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১১:০৯ AM

হিলি স্থলবন্দর
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রায় চার মাস বন্ধ থাকার পর ভারত থেকে চাল আমদানি পুনরায় শুরু হয়েছে। মেসার্স মিঠুন কুমার শাহ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান তিনটি ট্রাকে মোট ১২৫.৯৪৪ মেট্রিক টন চাল দেশে নিয়ে এসেছে।
গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় চালবোঝাই ওই তিনটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে।
হিলি স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট মেসার্স জয়নাল আবেদীনের প্রতিনিধি আজমল হোসেন রোজ বলেন, “দেশে চালের দাম বাড়ায় সরকার ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ২৫ লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানকে। এরই অংশ হিসেবে নওগাঁর মিঠুন কুমার শাহের তিনটি ট্রাকে ১২৫.৯৪৪ টন চাল হিলিতে প্রবেশ করেছে। তবে চালের শুল্ক মূল্য কাস্টমস সার্ভারে এখনও আপডেট হয়নি। ধারণা করা হচ্ছে আগের মতো ২% হারে থাকবে।”
হিলি স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, “চার মাসের বিরতির পর চাল আমদানির শুরু বন্দরে শ্রমিকদের কর্মপ্রাঙ্গণে সজীবতা ফিরিয়ে আনবে এবং বাজারে চালের দামও কমবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর থেকে শুরু হওয়া চাল আমদানি ২০২৫ সালের ১৫ এপ্রিল বন্ধ হয়ে যায়। দীর্ঘ চার মাস পর আজ থেকে পুনরায় চাল আমদানি শুরু হলো।