প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১০:৪৬ পিএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) “রিভিউ হিট প্রজেক্ট, পাস্ট” শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক ও গবেষকদের জন্য আয়োজিত এই কর্মশালায় ভার্চুয়াল ক্লাসরুমে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “আগামীর বাংলাদেশ হবে পরিবর্তনের বাংলাদেশ, যেখানে শিক্ষকরাই জাতি গঠনের অগ্রদূত। শিক্ষাক্ষেত্রের চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে। এখনই পরিকল্পনা সাজিয়ে যুগোপযোগী শিক্ষা ও আন্তর্জাতিক মানের গবেষণা নিশ্চিত করতে হবে। পড়ুন, গবেষণা করুন এবং জাতিকে আউটপুট দিন—এটাই আমাদের দায়বদ্ধতা।”
বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “তরুণ শিক্ষকরা গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। আন্তর্জাতিক মানের গবেষণা এখান থেকেই শুরু হবে।” কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান বলেন, নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে হিট প্রজেক্টে মনোনীত হওয়া গর্বের বিষয় এবং এটি ভবিষ্যতের গবেষণার ক্ষেত্রকে প্রসারিত করবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক ড. মো. সালাউদ্দিন প্রশিক্ষণ পরিচালনা করেন এবং বলেন, “শিক্ষা খাতে বিনিয়োগ সবচেয়ে লাভজনক, যা দেশের জিডিপি বৃদ্ধিতে সরাসরি প্রভাব ফেলে। তাই গবেষণার জন্য বাজেট বরাদ্দ বাড়াতে হবে।”
কর্মশালায় আইকিউএসসি পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা সভাপতিত্ব করেন এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আসফাকুর রহমান সঞ্চালনা করেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ